
কক্সবাজার জেলার পাশাপাশি এখন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম, বান্দরবান সদরের বিভিন্ন এলাকায় রোহিঙ্গাদের অবৈধভাবে জমি ক্রয়, বাড়িঘর নির্মাণ এবং স্থায়ী বসতি গড়ে তোলার অভিযোগ নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে।
স্থানীয়দের দাবি, বিভিন্ন কৌশলে রোহিঙ্গারা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করে দেশের অভ্যন্তরে স্থায়ী হওয়ার চেষ্টা করছে। এতে সীমান্ত নিরাপত্তা, সামাজিক ভারসাম্য ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
অভিযোগ রয়েছে, কিছু রোহিঙ্গা বাংলাদেশি নারীকে বিয়ে করে জালিয়াতির মাধ্যমে এনআইডি তৈরির সুযোগ নিচ্ছে। আবার বিদেশে অবস্থানরত স্বামী বা বাবার পরিচয় ব্যবহার করেও অনেকে নাগরিকত্বের কাগজপত্র সংগ্রহ করছে বলে স্থানীয়দের অভিযোগ।
এছাড়াও চট্টগ্রাম, ঢাকা, রংপুরসহ দেশের বিভিন্ন জেলার ঠিকানা ব্যবহার করে অনেকেই কক্সবাজার ও পার্বত্য অঞ্চলে বসবাস করছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, এসব কর্মকাণ্ডের পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে, যারা অর্থের বিনিময়ে অবৈধ এনআইডি ও কাগজপত্র তৈরি এবং জমি লেনদেনে সহায়তা করছে।
এ পরিস্থিতিতে কক্সবাজার ও বান্দরবানের সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দ্রুত তদন্তের আওতায় এনে সরকারি খাস ও পিএফ জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং অবৈধভাবে তৈরি হওয়া এনআইডি শনাক্ত করে বাতিলের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি জড়িত দালালচক্র ও সহযোগীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি উঠেছে।
স্থানীয় সচেতন মহল বলছে, “মানবিক কারণে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। কিন্তু সেই সুযোগ নিয়ে কেউ যদি অবৈধভাবে এনআইডি সংগ্রহ, জমি দখল কিংবা স্থায়ী বসতি গড়ে তোলে, তাহলে তা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”
এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি, নিরপেক্ষ তদন্ত এবং কার্যকর অভিযান এখন সময়ের দাবি বলে মনে করছেন স্থানীয়রা।
আরো পড়ুন→রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
উপদেষ্টাঃ কে এস মং
প্রকাশক: মাহাবুব হাসান খাঁন বাবুল
সম্পাদকঃ এস এম নাসিম
বার্তা সম্পাদকঃ খালেদ মাহাবুব খাঁন আরাফাত
যোগাযোগঃ বান্দরবান সদর, বান্দরবান পার্বত্য জেলা।
ইমেইলঃ newspaharkantho@gmail.com
মোবাইলঃ ০১৮২৬১৬১০৯৮,০১৭৪৯৬৪৮৬৮৬
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০১৯-২০২৬